জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানের মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ও পর্দা সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ রসাত্মক মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, তিনি সহকর্মী সংসদ সদস্যকে বিব্রত করতে চান না। তবে ভবিষ্যতে তার মাইক্রোওয়েভ ওভেনের প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত আছেন।
একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানালার পর্দার ব্যবস্থা করার অনুরোধ জানান। এতে সম্মিলিতভাবে তার সংসার গুছিয়ে দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদের মর্যাদা রক্ষার বিষয়টি উল্লেখ করে পার্থ বলেন, জনগণের গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার জায়গা হলো জাতীয় সংসদ। সেখানে গৃহস্থালির সামগ্রী নিয়ে আলোচনা সংসদের ভাবমূর্তির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা ভেবে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, অতীতে সংসদ সদস্যদের জন্য গাড়ি ও প্লটের মতো সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন বা পর্দার মতো বিষয় সংসদে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, বুধবার সংসদে মিজানুর রহমান সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন সরবরাহের দাবি জানিয়েছিলেন।