জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করার পরামর্শ দেন তিনি।
রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে এ মন্তব্য করেন স্পিকার।
প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানা মন্ত্রীর দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে আরও এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।
জবাবে বিদ্যুৎমন্ত্রী দেশের গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সীমিত গ্যাসের কারণে আপাতত আশুগঞ্জ সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দীর্ঘদিন পর নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হলে শিল্প কারখানাগুলোতেও পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার তাকে পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাব্যতা আগে থেকেই যাচাই করা উচিত। তিনি বলেন, ভবিষ্যতে ড্রিলিংসহ সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা ও পর্যালোচনা করে তবেই সংসদে কোনো সময়সীমা নির্ধারণ করে প্রতিশ্রুতি দেওয়া উচিত।