ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে সেতু থেকে প্রায় ৪ কোটি টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে মোট ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন পারাপার হয়। এ খাত থেকে আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন চলাচল করেছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও চারটি অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে।
এদিকে ঈদকে সামনে রেখে বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। বিপুল যানবাহনের চাপ থাকলেও যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক ও সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি।