বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার নতুন করে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে, তারা পূর্বে টিকা নিয়ে থাকলেও পুনরায় টিকা নিতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বরং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, যেসব শিশু বর্তমানে হাম বা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও জানান, রোববার থেকে দেশের হামের প্রকোপ বেশি এমন ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। এসব এলাকার মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজারসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ উপজেলাগুলো।
সরকারের লক্ষ্য শুধু ৩০টি উপজেলায় সীমাবদ্ধ থাকা নয়, বরং দেশের সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনা। বিশেষ করে ২০২০ সালের জাতীয় টিকাদান ক্যাম্পেইনের পর জন্ম নেওয়া শিশুদের নিশ্চিতভাবে টিকার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।