অধিকৃত জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যায় দাঁতের চিকিৎসার জন্য তিনি হাদাসাহ আইন কেরেম হাসপাতালে ভর্তি হন।
তবে কী ধরনের চিকিৎসা বা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মঙ্গলবার (২৬ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতেই তিনি বাড়ি ফিরে গেছেন।
জনসাধারণের কাছ থেকে তার চিকিৎসাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে বেশ কয়েকটি ঘটনায় সমালোচিত হয়েছিলেন ৭৬ বছর বয়সি নেতানিয়াহু। ফলে নতুন করে হাসপাতালে যাওয়ায় তার স্বাস্থ্য ইস্যুটি ইসরায়েলজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বারবার হাসপাতালে যাওয়া ও চিকিৎসা করানোয় নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। শুধু ইসরায়েলেই নয়, গোটা বিশ্বে তার স্বাস্থ্য ইস্যুটি বেশ চর্চিত হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে করা এক মানহানির মামলায় আদালতে সাক্ষ্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, তার শারীরিক অবস্থা ‘ভালো’ এবং ‘চমৎকার’।
নেতানিয়াহু বলেন, আমার শারীরিক অবস্থা ঠিক আছে, কেউ কেউ এটিকে চমৎকারও বলেন। আমার অগ্ন্যাশয়ের ক্যানসার হয়নি। যদি তা হতো, তাহলে আমি আজ এখানে থাকতাম না।
তেল আবিব জেলা আদালত ভবনে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠিত ওই শুনানিতে নেতানিয়াহু জানান, তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। তার ভাষায়, সব মেডিকেল সূচক ‘সম্পূর্ণ স্বাভাবিক’ রয়েছে।
গত মাসে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহু জানান, সম্প্রতি হাদাসাহ হাসপাতালে তিনি প্রোস্টেটের একটি ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফল রেডিয়েশন চিকিৎসা করিয়েছেন। কিন্তু তিনি এই তথ্য প্রকাশ করতে বিলম্ব করায় সমালোচনার মুখে পড়েন। যদিও তার দাবি, সাম্প্রতিক যুদ্ধের মাঝে ইরান এই তথ্য ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার চালাত।
এ ছাড়াও নেতানিয়াহু ২০২৩ সালের জুলাই মাসে একটি পেসমেকার স্থাপন করেন, ২০২৪ সালের মার্চ মাসে হার্নিয়ার অস্ত্রোপচার করান এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করান।
যখন নেতানিয়াহু পেসমেকার গ্রহণ করেন, তখন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে, তার কার্যালয় ও হাসপাতালের ভাষ্যমতে পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি রামাট গানের শেবা মেডিকেল সেন্টারে রাত কাটিয়েছিলেন।
তবে হাসপাতাল থেকে যখন ঘোষণা করা হয় যে, প্রকৃতপক্ষে তার ত্বকের নিচে একটি হার্ট মনিটর স্থাপন করা হয়েছে, তখন নেতানিয়াহুর সার্বিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?