দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীলতা তৈরিতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে জনগণের সমর্থন ছাড়া কোনো অপতৎপরতা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে অর্থ পাচার ও বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। জনগণ এসব অপচেষ্টা প্রতিরোধ করবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এ দেশের মানুষ বারবার ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান তার প্রমাণ।
বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে যেন সেই পরিস্থিতি ফিরে না আসে, সে জন্য স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।