আবু তাহের, জাককানইবি
দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন সরকার। তাঁর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে ত্রিশালের বিভিন্ন সড়ক, ফুটপাত ও ওভারব্রিজে আশ্রয় নেওয়া গৃহহীন ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কনকনে শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষদের কিছুটা স্বস্তি দিতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরাও। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান বলেন, প্রচণ্ড শীতে আমরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে থাকলেও অনেক মানুষের জন্য এই শীত ভয়াবহ কষ্টের। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছাত্রদলের পক্ষ থেকে এমন আরও কার্যক্রম প্রত্যাশা করি।
এ বিষয়ে ছাত্রদল নেতা মামুন সরকার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কিছু মানুষের কষ্ট লাঘব হয়, সেটাই আমার সাফল্য। মানবিকতাই হোক আমাদের শক্তি। এই প্রচণ্ড শীতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমি সর্বোচ্চ চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে থাকার।