রিফাত বিন নুর, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার কার্যক্রম শুরু হবে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত। ‘সি’ ইউনিটের এই পরীক্ষা সর্বমোট ৬ টি ধাপে সম্পন্ন হবে।
এবার ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭টি আবেদন জমা পড়েছে। এ ইউনিটে আসনপ্রতি পরীক্ষার্থী ১০১ জন।
‘সি’ ইউনিটের পরীক্ষার প্রথম ধাপ সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় ধাপ সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১১ টা ২৫ মিনিট পর্যন্ত, তৃতীয় ধাপে বেলা ১১ টা ৫০ মিনিট থেকে ১২ টা ৫০ মিনিট পর্যন্ত। এই তিন ধাপে ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ৪র্থ ধাপে বেলা ১ টা ৫০ মিনিট থেকে বেলা ২ টা ৫০ মিনিট পর্যন্ত, ৫ম ধাপে বেলা ৩ টা ১৫ মিনিট থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত, ৬ষ্ঠ ও শেষ ধাপে বিকেল ৪ টা ৪০ পর্যন্ত থেকে ৫ টা ৪০ মিনিট চলবে পরীক্ষা। ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ধাপে পরীক্ষা ছাত্রদের।