সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার-উল-আলম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া রোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আখতার উল আলম সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। ভাড়ারিয়া রোডে পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অবস্থা সঙ্কটাপন্ন দেখিয়ে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে দুপুর বারোটায় মরদেহ সর্বশেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানেই মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। এরপর দাফনের জন্য তার জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা: রতনগীর কবীর জানান, “দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর মূহুর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন।”
মৃত্যুর খবরে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন শোক জানিয়েছেন।
উল্লেখ্য, মুহাম্মদ আকতার-উল আলম ২০০৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ বছর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০বছর। তিনি স্ত্রী ও এক শিশু পুত্রসন্তান রেখে মারা গিয়েছেন।