আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল নেতা মোঃ সামিউল ইসলাম আকাশকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাথে এডিটেট ছবি বানিয়ে তা প্রচার করে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে ‘হাফিজুর রহমান হাফিজ’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকাশকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ও এডিটেট ছবি ছড়ানোর বিষয়টি ছাত্রদল নেতাকর্মীদের নজরে আসে।
গত ১৪ নভেম্বর, শেরেবাংলা নগর থানায় এ বিষয়ে জিডি করেন ছাত্রদল নেতা আকাশ৷ জিডিতে তিনি হাফিজুর রহমান হাফিজ নামের ফেক ফেসবুক একাউন্ট থেকে তার নামে মিথ্যা তথ্য ও ভুয়া ছবি-ফটোকার্ড বানিয়ে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার বিষয়টি তুলে ধরেন।
ছাত্রদল নেতাকর্মীদের দাবি দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং ক্যাম্পাসে বিভিন্ন গণতান্ত্রিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার কারণে আকাশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। তাদের অভিযোগ উদীয়মান নেতৃত্বকে বিতর্কিত করার লক্ষ্যেই এসব অপতৎপরতা পরিচালিত হচ্ছে।
অপপ্রচার নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল নেতা মোঃ সামিউল ইসলাম আকাশ বলেন,
“একটি সংগঠিত মহল আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং নৈতিকভাবে নিম্নমানের রাজনৈতিক আচরণ। আমাকে গণতন্ত্র, ছাত্র অধিকার ও সংগঠনের আদর্শিক লড়াই থেকে সরানো যাবে না।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেকোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি গভীরভাবে সতর্ক থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভুয়া আইডি ব্যবহারকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।