সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয় (গবি) ২৭ বছর পর প্রথমবারের মতো মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে শিক্ষার্থীদের জন্য বাস চালুর ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত ভাড়া শিক্ষার্থীদের জন্য অত্যধিক হওয়ায় রেজিস্ট্রেশন কমে গেছে এবং পর্যাপ্ত আবেদন না থাকায় বাস সেবা শুরু করা সম্ভব হয়নি।
গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৫ সেপ্টেম্বর থেকে সেবা চালু হবে। মানিকগঞ্জ রুটের মাসিক ভাড়া ১,৮০০ টাকা এবং প্রথমবার দুই মাস ১৫ দিনের অগ্রিমসহ মোট ৪,৫০০ টাকা দিতে হবে। চন্দ্রা রুটের মাসিক ভাড়া ১,২০০ টাকা, প্রথমবার অগ্রিম ৩,০০০ টাকা। পরবর্তীতে তিন মাস পর পর অগ্রিম দিতে হবে।
কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আগ্রহ কম হওয়ায় এবং মাত্র ২–৫ জনই রেজিস্ট্রেশন সম্পন্ন করার কারণে পরিকল্পিত বাস সেবা শুরু করা সম্ভব হয়নি। এর আগে ২০২২ সালের অক্টোবরে একই রুটে বাস চালুর ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ, যা তিন বছর পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি। যদিও ২০২৪ সালের জুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ৫২ আসনবিশিষ্ট বাস কেনা হয়।
শিক্ষার্থীরা বলছেন, নির্ধারিত ভাড়া বাস্তবতার সঙ্গে মিলছে না। আইন বিভাগের অনিক হাসান জানান, “বাস ভাড়া কমিয়ে মাসে ১,২০০ টাকা হলে অনেকেই সুবিধা নিতে পারত। এতে তেলের খরচও সহজে উঠে যাবে।”
একই অভিযোগ করেছেন চন্দ্রা রুটের শিক্ষার্থী দ্বীন ইসলাম রোহিত।
প্রশাসনের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। পরিবহন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য পরিবহন চালুর অঙ্গীকার করেছিলেন, কিন্তু কম আবেদন পাওয়ায় কার্যক্রম শুরু হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেলে ভাড়া পুনর্বিবেচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।”