শেকৃবি প্রতিনিধি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী পাভেল রোজারিও।
২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ২য় পুরষ্কার পান খ্রিস্টান ধর্মাবলম্বী এই শিক্ষার্থী। শিবিরের ফেসবুক পেজে প্রকাশিত ফলাফলের মাধ্যমে জানা যায়, পাভেল ছোটবেলা থেকেই ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম নিয়ে আগ্রহী ছিলেন।
তিনি বলেন, “সবগুলোই আব্রাহামিক ধর্ম, তাই জানার কৌতূহল ছিল। প্রায় সব বন্ধু মুসলিম হওয়ায় ইসলাম সম্পর্কে আগ্রহ আরও বেড়ে যায়। নবিজী (সা.)-এর জীবনী নিয়ে পড়াশোনা করেছি এবং প্রতিযোগিতার জন্য কয়েকদিন প্রস্তুতি নিয়েছিলাম। দ্বিতীয় হওয়ার পর আমি সত্যিই আনন্দিত।”
শেকৃবি ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী নাঈম জানান, “আমাদের কার্যক্রম সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। রাসূলুল্লাহ (সা.) কেবল মুসলমানদের জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাই সবাইকে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণে আমরা উৎসাহিত করি।
পাভেল রোজারিওর সাফল্য আমাদের জন্য বড় প্রাপ্তি। এর আগেও তিনি কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজনের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নবী করিম (সা.)-কে মানবতার নায়ক হিসেবে নতুনভাবে চিনবে।”