রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ১২ ব্যাচের শিক্ষার্থী হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩ অক্টোবর) আনুমানিক রাত ১০ টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
জানা যায়, সাংগঠনিক কাজ শেষে হাসিব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী জবি শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহামুদ বলেন, “আমি টিউশনি থেকে আসছিলাম। শামসুল আরেফিন ভাই ফোন দিয়েছেন স্টারে যাওয়ার জন্য, আমি দ্রুত স্টারে গেলাম।
সবাই বসে গল্প করছে। একটা টেবিলে হাসিবুল ভাই বসে আছেন। আমি ভাইয়ের কাছে গেলাম। ভাইয়ের শ্বাসকষ্ট। হ্যান্ডশেক করে বললাম, ভাই কি অসুস্থ? বললো, শ্বাসকষ্ট। তখন বুক ও কপালে মালিশ করে বললাম, পানি খান।
নরমাল পানি এনে যখন খাওয়াতে যাবো, তখনই হেলান দিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ আমি কাঁধে ধরি এবং সাথে সাথেই সবাই এসে ধরে নিচে নিয়ে যায়। রিক্সায় করে দ্রুত ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, ভাই আর বেঁচে নেই, মারা গেছেন হাসিবুল ভাই। আমার বিশ্বাস হচ্ছিল না। ভাই কত অমায়িক। আমাকে দেখলেই ছোট ভাই বলে কাছে নিয়ে যেত। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন।”
তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় সহকর্মীরা জানান, হাসিবুর রহমান ছিলেন সংগঠনের একজন নিবেদিত-প্রাণ নেতা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদা জানানো হয়েছে।