শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে লেভেল-৪, সেমিস্টার-১ এর মোট ১০২ শিক্ষার্থীর হাতে বক্স তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাশার। অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগের চেয়ারম্যান ড. মো: রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন অনুষদের ডীন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে মো: নূর ইসলাম নাঈম তার অনুভূতি প্রকাশ করে বলেন, “প্রাণীসম্পদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হাতে-কলমে প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সরঞ্জাম আমাদের পড়াশোনা ও চিকিৎসা কার্যক্রমে বড় সহায়ক হবে।”
সমন্বয়ক ড. রাশেদুল ইসলাম বলেন, “ক্লিনিক্যাল ক্লাস শুরু হয় লেভেল-৩ থেকে। তাই শিক্ষার্থীদের হাতে দ্রুত সার্জিক্যাল বক্স পৌঁছে দেওয়া সত্যিই আনন্দের।”
এসময় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো: আফতাব আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“প্রাণিসম্পদ খাতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আপনারা মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।”
পরবর্তীতে উপাচার্য ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের হাতে বক্স তুলে দিয়ে বলেন, “শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে যেন দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও আগেই সরঞ্জাম সরবরাহের চেষ্টা করা হবে।”
সভাপতির বক্তব্যে অনুষদের ডীন প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন,
“আগে লেভেল-৫ এ গিয়ে বক্স দেওয়া হতো, যা শিক্ষার্থীদের জন্য অসুবিধার ছিল। এখন থেকে লেভেল-৩ এ সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একমি ল্যাবরেটরিজ শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক সেশন আয়োজন করে, যেখানে মাঠ পর্যায়ের প্রাণী চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধ ও তাদের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।