চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করে। এ সময় র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন।
এর আগে শনিবার রাতে ভাড়া বাসার এক দারোয়ানের হাতে এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় সংঘর্ষ হয়। ভয়াবহ এই ঘটনায় অন্তত দুই শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়। সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকের রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার দুপুর ২টা থেকে আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, এই সময়ে উল্লিখিত এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত করা যাবে না। বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজন বা তার বেশি ব্যক্তি একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।