শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী এম. সাইফুল ইসলাম আগামী ১৯ আগস্ট ২০২৫ তারিখে অবসরে যাচ্ছেন। ৬০ বছর পূর্ণ হওয়ায় তিনি প্রায় ১২ বছরের প্রশাসনিক কার্যক্রম শেষে বিদায় নিতে যাচ্ছেন।
২০১৩ সালের ৫ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনতে কাজ শুরু করেন। তার উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফলাফল এখন সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের পর প্রকাশিত হয়। এর আগে প্রকাশিত অনেক ফলাফল অনুমোদনবিহীন ছিল, যা তিনি দায়িত্ব নেয়ার পর নথিভুক্ত করেন।
এছাড়া তার সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের নিরাপত্তা সংবলিত সার্টিফিকেট চালু হয়। এর আগে সার্টিফিকেটে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। একইসাথে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও পজিশন সনদ প্রদানের প্রক্রিয়ায়ও আনা হয় আধুনিকায়ন। এসব পদক্ষেপ শেকৃবির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তোলে।
অবসরের প্রাক্কালে চৌধুরী এম. সাইফুল ইসলাম বর্তমান প্রশাসনের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, “বর্তমান কর্তৃপক্ষের প্রচেষ্টায় খুব অল্প সময়ে আমরা একাধিক বিভাগের ফলাফল দিতে পেরেছি, যা আগে কখনো হয়নি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যদি কখনো খারাপ সঙ্গ বা খারাপ কিছুতে জড়িয়ে পড়ো, তাহলে তোমার মা-বাবার চেহারাটা একবার মনে করো। তোমরা অন্যভাবে জীবন নষ্ট কোরো না। সফল হলে তোমাদের বাবা-মাও সফল হবেন।”
বিদায়বার্তায় তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “আমি যদি কোনো কারণে কথায় বা কাজে কারও কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি দোয়া করি, তোমরা সবাই সফল হও, একেকজন জুয়েল হও, সৃষ্টিশীল নক্ষত্র হও।”