জাবি প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও তা লালন করার উদ্দেশ্যে এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে ঘোষিত দিনব্যাপী কর্মসূচির (সরকারি কর্মসূচির সাথে সংগতি রেখে) কারণে ২২ জুলাই মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবেই ২২ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।