শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে শিক্ষার মানোন্নয়নে দুইদেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী এসময় বলেন, আমরা যদি এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হব।
এজন্য আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
এসময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।