আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা
সকল প্রস্তুতি সম্পন্ন করে অবশেষে ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (BoT) সদস্য ও প্রজেক্ট কমিটির কনভেনার আলতাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহা. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. জালাল আহমেদ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজ দ্রুততম সময়ে নির্ধারিত গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ২৮ আগস্ট ২০২৫। ওই দিন ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে জমির উন্নয়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়। দীর্ঘ প্রস্তুতি শেষে মঙ্গলবার মূল ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রকল্পের প্রথম পর্যায়ে স্থায়ী ক্যাম্পাসে একটি সাততলা আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন লাভের পর ১৫ মে ২০১৩ সালে ‘সেন্টার ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ স্লোগানকে সামনে রেখে ফেনী ইউনিভার্সিটি একাডেমিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বর্তমানে ফেনী ইউনিভার্সিটিতে তিনটি অনুষদ, আটটি বিভাগ, ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেল এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কার্যক্রম পরিচালনা করছে। স্থায়ী ক্যাম্পাসের মূল ভবন নির্মাণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হলো।