রাফি হোসেন কুবি প্রতিনিধি :
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর এর সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। প্রতি চার বছর পর আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা নানা আয়োজন করে থাকেন।
বাংলাদেশেও বিশ্বকাপকে কেন্দ্র করে দেখা যায় বিশেষ উন্মাদনা। জার্সি পরিধান, পতাকা টানানো, মিছিল-শোডাউন কিংবা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে সমর্থকেরা নিজেদের ভালোবাসা প্রকাশ করেন।
সম্প্রতি শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। আর্জেন্টিনা সমর্থকেরা ইতোমধ্যে দুই দফা আনন্দ মিছিল করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পতাকা টানিয়েছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা।
তবে সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে শহীদ ধীরেন্দ্র দত্ত হলের চিলেকোঠার দেয়ালে আঁকা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি গ্রাফিতি। গ্রাফিতিতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে ট্রফি হাতে দেখা যাচ্ছে।
তাঁর পাশে লেখা রয়েছে ‘One Last Dance’, যা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।
গ্রাফিতিটি এঁকেছেন শহীদ ধীরেন্দ্র দত্ত হলের আবাসিক শিক্ষার্থী আখতারুজ্জামান পাভেল। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন সমর্থক।
আখতারুজ্জামান পাভেল বাংলা ট্রিবিউনকে বলেন, “ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে বড় হয়েছি। মাঠে তাঁর অসাধারণ প্রতিভা যেমন মুগ্ধ করে, তেমনি মাঠের বাইরেও তাঁর ধৈর্য ও হার না মানা মানসিকতা আমাকে অনুপ্রাণিত করে।
একজন ভক্ত হিসেবে তাঁর প্রতি ভালোবাসা থেকেই হলের ছাদে এই গ্রাফিতি এঁকেছি, যেন ভবিষ্যতে এই স্মৃতিগুলো মনে রাখতে পারি।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের খেলা অনুসরণ করছি। একজন মেসি ভক্ত হিসেবে চাই, এবারের বিশ্বকাপেও তিনি ও তাঁর দল সাফল্যের সঙ্গে নিজেদের যাত্রা সম্পন্ন করুক এবং চতুর্থ বারের মতো ট্রপি ওঠোক তার হাতে।’