আবু তাহের, জাককানইবি
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রশাসন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হল প্রাঙ্গণে সরাসরি সম্প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন একত্রে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই বড় পর্দায় খেলা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে হল প্রশাসন।
এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ধরনের উচ্ছ্বাস কাজ করে। সবাই মিলে খেলা উপভোগ করার আগ্রহ থাকে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা আশা করি, শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।”
এর আগে, একই দিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আব্দুর রহিম।
বিশ্বকাপকে ঘিরে এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। একসঙ্গে খেলা দেখার সুযোগকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী।