নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পুনর্বাসনে সরকারিভাবে গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতের বাস্তুভিটায় আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয়ে একটি পাকা বাড়ি নির্মাণ এবং পৃথকভাবে ২৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সব মিলিয়ে অর্ধ-কোটি টাকার সরকারী সহায়তা পাচ্ছেন নিহত দীপু চন্দ্র দাসের পরিবার।
গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভালুকায় সংঘটিত এক নৃশংস ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর সরকার দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও বাসস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেয়। এ উপলক্ষে তারাকান্দায় নিহতের বাড়িতে এসে সরকারী সহায়তার আশ্বাস দেন সদ্য বিদায়ী উপদেষ্টা সি আর আবরার।
এদিকে বিদায়ী “প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল” থেকে বাড়ি নির্মাণের জন্য ২৫ (পঁচিশ) লাখ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারাকান্দা উপজেলা-র বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহতের বাস্তুভিটায় নির্ধারিত অর্থসীমার মধ্যে একটি পাকা গৃহ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে জমি পরিমাপ ও নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অচিরেই নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে।