মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি গণজোয়ারে ভাসছে সিলেট। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই সিলেট–১ আসনের অধীনস্থ সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় জমে উঠেছে ভোটের আমেজ।
আজ সোমবার বিকেলে সিসিক এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণায় অংশ নেন। মিছিল, লিফলেট বিতরণ ও পথসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেন তারা। প্রচারণাকালে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শহরের সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংসদ সদস্য পদপ্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও এলাকার সমস্যা সম্পর্কে শুনছেন তারা এবং নির্বাচিত হলে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা দিন-রাত শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি এলাকায় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। পোস্টার, ব্যানার, মাইকিং ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। নির্বাচনি প্রচারণায় নারী ও তরুণদের অংশগ্রহণও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোটের এই প্রাণবন্ত পরিবেশ দেখে অনেকেরই মনে হচ্ছে দীর্ঘ সময় পর সাধারণ মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আশায় উজ্জীবিত হচ্ছে। ভোটারদের মধ্যে আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক সচেতনতা বাড়ছে, যা একটি সুস্থ গণতান্ত্রিক চর্চার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে নির্বাচন কমিশনের নির্ধারিত সব আচরণবিধি মেনেই প্রার্থীরা মাঠে নেমেছেন ভোটের প্রচারণায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে প্রচার কার্যক্রম চালানোর বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।