মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুরুতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় জেলায় নির্বাচনী মাঠে থাকছেন মোট ১৯ জন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবিএম ফজলুর করিম। দশ দলীয় জোটের সমঝোতায় এ আসনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জন্য বরাদ্দ হওয়ায় তিনি মঙ্গলবার বিকেলে তার মনোনয়ন প্রত্যাহার করেন। এ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাজেদুল ইসলাম।
একই সমঝোতার অংশ হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং মুন্সিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
অন্যদিকে, মুন্সিগঞ্জ-১ আসন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাহার শেষে মুন্সিগঞ্জ জেলায় বিএনপির তিনজন, জামায়াত ও এনসিপির দুইজন এবং স্বতন্ত্রসহ মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত তফসিল অনুযায়ী বুধবার এসব প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা আরও গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।