রবিউল ইসলাম,শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে৷ এঘটনায় ১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবগঞ্জ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলা পৌর সভার বেড়াবালা আকন্দপাড়া গ্রামের শাহিনের স্ত্রী তানজিলা কে ফোন করে দুঃসংবাদে জানায়, তাহার স্বামী শাহীন মহাস্থানে আছে ৮ হাজার টাকা নিয়ে মহাস্থান দ্রুত চলে আসেন।
সংবাদ পেয়ে তানজিলা তাহার স্বামীর কাছে ৮ হাজার টাকা পৌঁছে দিতে উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের জাহিদুলের পুত্র দোকানের কর্মচারী সৌরভ(২২) কে নিয়ে একটি টিভিএস (১০০সিসি) মোটরসাইকেল দিয়ে মহাস্থান যাওয়ার পথে,
শিবগঞ্জ থানা ভেড়ামালা আকন্দ পাড়া নামক স্থান ৩/৪ জন ছিনতাইকারী দল দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে তানজিলার কাছ থেকে কানের স্বর্ণের দুল ও মোবাইল এবং দোকানের কর্মচারী কাছ থেকে একটি টিভিএস হোন্ডা ছিনিয়ে নেয়। দোকানের কর্মচারীকে রাস্তায় বেঁধে রেখে যায়।
কিছুক্ষণ পর তানজিলা শিবগঞ্জ থানায় সংবাদ দিলে, দ্রুত ঘটনাস্থলে শিবগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) শুকুর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান শুরু করে৷ একপর্যায়ে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের পর ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে শনাক্ত করেছেন। এঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র। এঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে।