নেত্রকোনা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদল আনন্দ মিছিল করেছে। সোমবার দুপুরে শহরের ছোটবাজার দলীয় কার্যালয়ে থেকে শুরু করে জেলা প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমান ফিরলে দলের অভ্যন্তরে, এমনকি দেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। ভোটের পরিবেশ আরও ভালো হবে। আমরা ১৮ বছর ধরে অপেক্ষা করছিলাম। শ্লোগান দিচ্ছিলাম।তিনি আসবেন বীরের বেশে। মাত্র দুদিন পরই সেই মাহেন্দ্র ক্ষণ। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও দলের মধ্যে ঐক্য ধরে রেখেছেন।
তারেক রহমান ওয়ান-ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তারেক রহমান সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়। তারপর আর দেশে ফেরা হয়নি তার। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে আসতে পারলেও তিনি পারেননি। অবশেষে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, আরাফাত বাবু, আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।