জাপানে উচ্চশিক্ষা, চাকরি ও ব্যবসার মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি সেমিনার। এতে জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, চাকরির প্রস্তুতি এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জাপানি ভাষা শেখার গুরুত্ব, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা এবং ভবিষ্যতে জাপানে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য এ সেমিনার গুরুত্বপূর্ণ। এতে জাপানে পড়াশোনা ও চাকরির সম্ভাবনা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ভাষাগত দক্ষতা অর্জন সম্পর্কে বাস্তবভিত্তিক তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সেমিনারে রিকিও বিশ্ববিদ্যালয়, টোকিও, জাপানের সহযোগী অধ্যাপক রঙ্গারিরাই গ্যাভিন মুচেতু, নেটিভ জাপানিজ প্রশিক্ষক রিতসুকি টোমিনাগা, শেরপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, ক্লাস ইনচার্জ মো. মাহবুব-উর-রহমান, কানেক্ট জাপান লিমিটেডের প্রেসিডেন্ট ও
সিইও মো. আরিফুল ইসলাম রানা, কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের পরিচালক সরকার মো. সায়েম, কানেক্ট জাপান লিমিটেডের সিটিও ও পরিচালক আখতার জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আ. রফিক মজিদসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ কাজে লাগাতে হলে শুরু থেকেই সঠিক পরিকল্পনা, জাপানি ভাষায় দক্ষতা এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।