মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির দলীয় মনোনয়নের খসড়া তালিকায় নাম এসেছে জেলা বিএনপির আহবায়ক শেখ মো. আব্দুল্লাহর। এ ঘোষণার পর থেকেই দলের ভেতরে নীরব প্রতিযোগিতা পরিণত হয়েছে প্রকাশ্য শক্তি প্রদর্শনে।
মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা আহবায়ক কমিটির সদস্য মমিন আলী। মনোনয়নে স্থান না পেলেও তারা দুজনই বুধবার দুপুরে শ্রীনগরে একযোগে শোডাউন করে শক্ত অবস্থান জানান দেন। তাদের সঙ্গে যোগ দেন জেলা বিএনপির নেতা আব্দুল কুদ্দুস ধীরনও।
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার আগে পর্যন্ত একে অপরের মুখ দেখা বন্ধ ছিল এই দুই নেতার। কিন্তু ঘোষণার পর হঠাৎ একই মঞ্চে তাদের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি ঐক্যের বার্তা, কেউ আবার দেখছেন ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল হিসেবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দলীয় মনোনয়ন নিয়ে শ্রীনগর বিএনপিতে যে বিভাজন তৈরি হয়েছিল, তা সাময়িকভাবে হলেও একত্রে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে অন্য রূপ নিয়েছে। তবে শেষ পর্যন্ত বিএনপি কেন্দ্রীয়ভাবে মনোনয়ন পরিবর্তন না করলে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে কেউ মাঠে নামবেন কি না— তা নিয়েই এখন চলছে কর্মীদের মধ্যে তুমুল আলোচনা।
এদিকে, শোডাউনের পর শ্রীনগরজুড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। বিএনপির কর্মীদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা— দুটোই স্পষ্ট। অনেকে মনে করছেন, দলীয় ঐক্যের প্রদর্শন হলেও মূল প্রতিযোগিতা এখনো শেষ হয়নি।