পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি অফিসে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর বিএনপি অফিসে ঢুকে জয়বাংলা স্লোগান দিচ্ছে। ভিডিওটি দ্রুতই স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি করে।
ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আটক তিনজনের মধ্যে দুজনকে ভিডিওতে স্লোগান দিতে দেখা যায় এবং অপরজন ভিডিওটি ধারণ করেছিল বলে জানা গেছে।
পাঠাকাটা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, “এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয়রা মাঝে মাঝে বসেন। কেউ কেউ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তাঁর ছবি টাঙিয়ে রেখেছেন। সেই সুযোগে কিছু দুষ্কৃতকারী অফিস ফাঁকা দেখে এমন কাজ করেছে। স্থানীয়রা তাদের পুলিশে দিয়েছে।”
স্থানীয় বাসিন্দা মো. লিটন মৃধা বলেন, “এরা মূলত আওয়ামী লীগের দোসর। বিএনপির অফিসে ঢুকে ইচ্ছাকৃতভাবে জয়বাংলা স্লোগান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। তাই আমরা তাদের আটক করে পুলিশের হাতে দিয়েছি।”
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”