ভোলার মনপুরার বিচ্ছিন্ন ও দুর্গম চর কলাতলী এবং চর ডালচরে নবনির্মিত দুটি লঞ্চঘাট পরিদর্শন ও সংলগ্ন নতুন সড়ক উদ্বোধন করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের প্রায় ৩০ হাজার বাসিন্দা নিরাপদ ও সহজ নৌযোগাযোগের সুবিধা পাবেন।পরিদর্শন ও উদ্বোধন শেষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসরত মানুষের নৌপথে যোগাযোগ সহজ করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সচলতা বৃদ্ধিতে নৌ যোগাযোগ অপরিহার্য।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টায় প্রথমে উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলীতে নবনির্মিত কলাতলী লঞ্চঘাট এবং এরপর বিচ্ছিন্ন অপর চর ডালচরে কামাল উদ্দিন লঞ্চঘাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে লঞ্চঘাট সংলগ্ন নবনির্মিত রাস্তা দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন ধরে এই দুই চরের প্রায় ৩০ হাজার বাসিন্দা উত্তাল মেঘনা নদী পাড়ি দিতে কাঠের নৌকার ওপর নির্ভরশীল ছিলেন, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন নবনির্মিত এই লঞ্চঘাট ব্যবহারের মাধ্যমে তারা ঢাকা-হাতিয়া রুটের লঞ্চে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, ওসি আহসান কবির ও বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন।