আবু তাহের, জাককানইবি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকমল হোসেন (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারী ত্রিশাল থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।
অভিযুক্ত আকমল হোসেন স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান ওই গৃহবধূ। টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে মুখ চেপে ধরে কাঁধে তুলে নিয়ে যান আকমল। পরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ধানখেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে আকমল পালিয়ে যান।
ভুক্তভোগীর ছোট ভাই জানান, তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না গায়ে দিয়ে টয়লেটে গিয়েছিলেন তার বোন। ধারণা করা হচ্ছে, ওই ওড়না দেখে আকমল মেয়েটি ভেবে ভুল করে গৃহবধূকেই তুলে নিয়ে ধর্ষণ করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।