আলী আক্কাছ, মুন্সিগঞ্জ
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ কেনাবেচার অপরাধে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১২ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ যৌথ অভিযানে ৩০০ কেজি ইলিশ মাছ ও ১০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌপুলিশের একটি যৌথ দল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বেহেরপাড়া থেকে ইস্মানিরচর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জন ক্রেতা ও বিক্রেতাকে আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দ করা ৩০০ কেজি ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ১০ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এবং চরআব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম প্রমুখ।
সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সকল নদী ও সমুদ্রে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। মা ইলিশ সংরক্ষণে এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।