সোহেল রানা, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর নদীতে মাছ ধরতে গিয়ে ভজন রাজবংশী (৫০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চান্দহর নদীতে কয়েকজন জেলের সঙ্গে মাছ ধরতে গেলে ঘটনাটি ঘটে। নিখোঁজ ভজন রাজবংশী উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভজন রাজবংশী ব্লাড প্রেশারের রোগী ছিলেন। ওষুধ সেবনের পর তিনি অন্যান্য জেলেদের সঙ্গে জাল ফেলতে নদীতে নামেন। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি সঙ্গীদের অগোচরে নদীতে পড়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছেন।
এ বিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার (ভারপ্রাপ্ত অফিসার) মহিবুর রহমান বলেন, “স্থানীয়রা সঠিকভাবে ঘটনার স্থান নির্ধারণ করে বলতে না পারায় কিছুটা সমস্যায় পড়েছি। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”