সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকারভোগীদের মাঝে দোকান ও অটোরিকশা বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভূমদক্ষিণ বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মো. মনোয়ার হোসেন মোল্লা।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে দোকানের চাবি ও অটোরিকশা তুলে দেওয়া হয়। উপজেলার ধল্লা, জয়মন্টপ, বলধারা, জামসা, চান্দহর ইউনিয়ন এবং সিংগাইর পৌরসভায় মোট ছয়টি দোকান বিতরণ করা হয়। এছাড়া একজনকে একটি অটোরিকশা প্রদান করা হয়।
বক্তারা বলেন, ভিক্ষুকদের পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সাহায্য করবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
সুবিধাভোগীরা বলেন, “আগে আমরা ভিক্ষা করেই জীবন চালাতাম। আজ দোকান ও অটোরিকশা পেয়েছি। নিজের পায়ে দাঁড়াতে পারবো, এজন্য আমরা কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলাম, ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ইদ্রিস আলী, ধল্লা ভূমি অফিসের উপ সহকারী আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনটি বাস্তবায়ন করেছে সিংগাইর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস।