মো. মিরাজ হোসাইন, ভোলাঃ
ভোলা দৌলতখানে উপজেলায় পানিতে ডুবে দুই খালতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশু দুটি হলেন, দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। তারা দু’জন খালতো বোন।
গত বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলীফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় দিদারউল্লাহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে দুই খালতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে নামেন। পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন।
পরে তারা রাত ১০ টার দিকে জোবায়দারকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে উদ্ধার করা হয়।
পরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবদল নেতা সুমন জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাদের এমন মৃত্যুতে আমরা এলাকসবাসীও অনেক শোকাহত।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান দৈনিক সকাল কে জানান, নিহতের পরিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।