মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার।
নিখোঁজের একদিন পর জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে মেঘনা নদীতে ভাসমান একটি লাশ দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ উদ্ধার করে।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্য সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। লাশের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং তার স্বজনরা খবর পেয়ে মুন্সিগঞ্জে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, লাশের পরনে ছিল হাফ হাতা শার্ট। এছাড়া গলায় ছিল ফিতাবাধা চশমা ঝুলানো। মাথায় টাক এবং কাচাপাকা চুল। ময়না তদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
জানা যায়, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দৈনিক আজকের পত্রিকার অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় তার ছেলে ঋত সরকার সাধারণ ডায়েরি করেন।
তিনি দৈনিক আজকের পত্রিকার জৈষ্ঠ সহকারী সম্পাদক।