নেত্রকোনা প্রতিনিধি :
রেলওয়ের কর্মচারী কাকন আহমেদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ ১৫ টি গ্রামের নারী-পুরুষ পরিবার বন্ধু মহল ও রেলওয়ে জায়তাবাদী শ্রমিকদল সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব,জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুম, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম ও অধ্যক্ষ আঃ রহিম প্রমুখ।
বক্তারা বলেন, ১২ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি- ধমকি দিচ্ছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দাবি জানান তারা।
নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করা হয়।
উল্লেখ, গত ৫ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম পরিচয় বলে যান। হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামী করে কাকনের ভগ্নীপতি মাসুদ কবির মাসুম বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন।