নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। র্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম বলেন, “বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার ওয়ারেন্ট থাকায় চৈতন্যা বাজার থেকে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।”
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, এ বছরের ফেব্রুয়ারিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দানেস মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় তারা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকিও ছড়িয়ে যায়।
ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। মামলার তদন্ত চলমান অবস্থায় র্যাব চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।