চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় গভীর রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট-সংলগ্ন সড়কে।
আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা, তিনি বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, সল্টগোলা এলাকায় মিছিল শেষে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কোপায়। প্রথমে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, অভিযানে আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।