সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদের ছবি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সিংগাইর পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াডাঙ্গী কাঁচা ও পাকা মালের আড়তে এ সংবাদ সম্মেলন হয়।
গত ৮ আগস্ট ঢাকার সদরঘাট এলাকায় শ্রমিকদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংশ্লিষ্ট একটি ঘটনার সংবাদ দৈনিক যায়যায়দিন, দৈনিক ইত্তেফাক, ঢাকা পোস্ট ডটকমসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি ব্যবহারের বদলে ওই সংবাদে মিল্টন মাহমুদের ছবি প্রকাশ করা হয়। বিষয়টিকে মানহানিকর দাবি করে প্রতিবাদ জানান তিনি।
লিখিত বক্তব্যে মিল্টন মাহমুদ বলেন, “৮ আগস্ট ২০২৫ তারিখে কয়েকটি নির্ভরযোগ্য জাতীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে কোনরূপ যাচাই-বাছাই ছাড়া আমার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। আমি মনে করি,
এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিপক্ষ আমার দীর্ঘদিনের স্বচ্ছ রাজনীতিকে কলুষিত করে দলে সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই মিথ্যাচার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নূর আলম বাবুল, সহ-সভাপতি মো. আক্রাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন,
যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব হৃদয় আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, ছাত্রদল নেতা রুহুল আমিন আনসারী ও ফারুক হোসেন প্রমুখ।