আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়ায় জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১টার দিকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পুরনো সেই কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন মাঠপাড়া এলাকার বাসিন্দা মামুন হাওলাদারের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হরি চাঁদ জানান, স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণেই কিশোরটি মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।