শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “একুশ শতকের চ্যালেঞ্জ ও যুব মানস” শীর্ষক বিশেষ সেমিনার এবং “আল কোরআন ও ইসলামি জ্ঞান প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এম. মাহবুবুজ্জাম ভবনের সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন লন্ডনপ্রবাসী জনপ্রিয় লেখক, গবেষক ও একাডেমি-২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল ২৯ রমজান (৩১ মার্চ)। তিনটি গ্রুপে বিভক্ত করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল—প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী পাবেল রোজারিও। তিনিসহ মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সেক্রেটারি মেহেদী হাসান নাইম বলেন,
“আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের বরকতময় মাসে আমরা ‘আল-কুরআন ও ইসলামি জ্ঞান প্রতিযোগিতা-২০২৫’ সফলভাবে আয়োজন করতে পেরেছি। এতে মুসলিম ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশা ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তিনটি ক্যাটাগরিতে মেধা ও আন্তরিকতার ভিত্তিতে ২১ জন বিজয়ীকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির সবসময় বিশ্বাস করে—ইসলামী আদর্শে গড়ে ওঠা আদর্শিক, দেশপ্রেমিক ও জ্ঞাননির্ভর ছাত্রসমাজই পারে এই জাতিকে কাঙ্ক্ষিত মুক্তির দিকে এগিয়ে নিতে। আমরা ভবিষ্যতেও এমন সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের শেষ অংশে, প্রধান বক্তা জিয়াউল হক তাঁর বাস্তবভিত্তিক ও সময়োপযোগী আলোচনার মাধ্যমে তরুণদের মধ্যে নতুন চিন্তার উদ্রেক ঘটান।