সৌদি আরবগামী ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়া যাত্রী ও প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তাজনিত ঘটনার পর বাংলাদেশ-সৌদি আরব রুটে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সৌদি আরবগামী প্রবাসী কর্মীরা। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারলে চাকরি হারানো, নিয়োগকর্তার সঙ্গে চুক্তিগত জটিলতা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে তাঁদের। পাশাপাশি ভিসার মেয়াদ ও নিয়োগসংক্রান্ত আইনি জটিলতা তৈরির ঝুঁকিও রয়েছে। এ ছাড়া ব্যবসায়িক কাজে এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে চাওয়া ব্যক্তিরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগদানের সময়সীমা ও ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
নিরাপত্তা নিশ্চিত করে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর অথবা বিকল্প রুট ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা যাচাই করার কথাও বলেন তিনি। পাশাপাশি অতিরিক্ত মাশুল ছাড়াই বিকল্প ফ্লাইট ও পুনরায় টিকিটের ব্যবস্থা এবং যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াত আমির সতর্ক করে বলেন, এ সংকট মোকাবিলায় অবহেলা কিংবা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে যাত্রী ও তাঁদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকারকে অবিলম্বে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।