সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৫ মে) সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি বাস রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে দশমাইল হাইওয়ে, কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ভর্তি পরীক্ষার্থী রয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাৃ (ওসি) মতিউর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।