মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সেখানে জড়ো হতে থাকেন। পরে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
ম্যারাথন ও মিছিলকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী যুবকসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল কাদের, উপজেলা সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ান, যুব বিভাগের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ যুবসমাজের ওপর নির্ভরশীল। তাই যুবকদের মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।