সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত এবং রাকা মল্লিক অনন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রাতুল। সঞ্চালনা করেন নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক রাড়ী।
অনুষ্ঠানে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ লাইট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ফরহাজুল ইসলাম ফরহাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি সরকারি নিবন্ধন পেলে দায়িত্বের জায়গা থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের সুযোগ তৈরি হবে। এতে সংগঠনটি আরও এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, বর্তমান তরুণ ও যুবসমাজের অংশগ্রহণে অনেক সময় এমন কিছু কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়, যা অন্যভাবে করা কঠিন। তরুণ ও যুবসমাজই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক অতিরিক্ত পরিচালক বাবুল আক্তার। আরও বক্তব্য দেন রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেট জেলার সেক্রেটারি মাহাবুব আল মারুফ এবং ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন।
অনুষ্ঠানে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এছাড়া সুদূর প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ মাহি, সালমান আহমেদ তানিম, আশরাফ আল রাহি ও চয়ন পাল।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ, আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।