শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায়, শেখ হাসিনার পরিণতি প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম জানান, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ তার ফেসবুক আইডি টেকডাউন করেছিল বলে তিনি অভিযোগ করেন। পরে আইডিটি ফিরে পেয়েছেন উল্লেখ করে এ কাজে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সংঘটিত কর্মকাণ্ডের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সহিংসতার রাজনীতি পরিহারের ঘোষণা ছাড়া রাজনৈতিক পুনর্মিলন বা সমঝোতার আলোচনা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, দেশে সম্ভাব্য গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট রাজনৈতিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে তিনিই প্রথম এ ধরনের প্রস্তাব তুলে ধরেছিলেন বলে দাবি করেন।
তবে আওয়ামী লীগের মধ্যে অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন সাবেক এই উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য মাহফুজ আলম আরও বলেন, সহিংসতার রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ক্ষতি এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতার দায় আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বহন করতে হবে।
একই সঙ্গে আন্তসীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।