বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়া সদরের বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাট যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তার গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে চলে আসেন ফিরোজা বেগম। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।
এ সময় ফিরোজা বেগম আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও সামান্য আহত হয়েছেন। পরে তিনি ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।