মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু রাষ্ট্র, পুলিশ কিংবা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদেরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বাজারে নবকিরণ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশি-বিদেশি একটি ষড়যন্ত্রকারী দল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থায়, বিভিন্ন উপায়ে আমাদের এলাকায় এবং বাংলাদেশেও ইয়াবা অর্থাৎ মাদকদ্রব্য পাচার করছে। যার সেবনকারী হচ্ছি আমরা।”
তিনি বলেন, সন্তানদের মাদক থেকে বাঁচানোর দায়িত্ব শুধু রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। পুলিশ বাহিনী, ইউএনও কিংবা প্রশাসনের কর্মকর্তাদের একার পক্ষে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। অভিভাবকরা সচেতন হলেই সন্তানদের নিরাপদ রাখা সম্ভব।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে, কখন বাড়িতে ফিরছে এবং কখন বাড়ির বাইরে যাচ্ছে—এসব বিষয়ে মা-বাবাকে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের চিন্তা, ভাবনা ও সচেতনতার মধ্য দিয়েই সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।
মাদকবিরোধী কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে সংসদ সদস্য বলেন, যারা মাদক সেবনে আসক্ত হয়েছেন এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য অভিভাবক ও এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
নবকিরণ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নারী আসনের সংরক্ষিত সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন
শেখ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন বুলেট, সোহেল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন ফকির, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাড়ী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।