মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখা।
শনিবার (২৯ আগস্ট) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা শহর শাখার সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ ও বড়লেখা উত্তর শাখার সভাপতি হানজালার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির এমাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও উপজেলা নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জেলা সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, শিক্ষক ময়নুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা সম্পাদক মো. শিপলুজ্জামান ও দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ।
বক্তারা বলেন, মেধাবী, সাহসী ও স্বপ্নবান শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং মানুষের অধিকার ও মর্যাদার জন্য কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সামনে শিক্ষার্থীদের জীবন আরও প্রতিযোগিতাময় হবে। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়তে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।